জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এবার জিজ্ঞাসাবাদের অনুমতি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রায় সাড়ে চার দশক পর সেই রহস্যের পর্দা উন্মোচনের নতুন অধ্যায় শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে (৭৭) দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল-২-এ হাজিরের পর এই আদেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাকে দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা সুবিধাজনক সময়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সেনা হেফাজতেই থাকবেন।
এর আগে মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে হাজির করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সময় এবং ১/১১-এর ঘটনার সঙ্গেও তাঁর যোগসূত্র রয়েছে বলে তদন্ত সংস্থা প্রাথমিক তথ্য পেয়েছে। সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই রাত সাড়ে দশটায় বনানীর একটি বাসা থেকে ডিবি তাঁকে গ্রেপ্তার করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয় এবং পরদিন সন্ধ্যায় সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন।
মোজাফফর হোসেন গত ১৬ বছর তৎকালীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মতো এক যুগান্তকারী ঘটনার রহস্য উন্মোচনে এবার তাঁর জিজ্ঞাসাবাদ কতটা নতুন তথ্য উদ্ঘাটন করতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত যে, দীর্ঘদিনের নীরবতার পর এখন এই মামলার তদন্ত নতুন মোড় নিচ্ছে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment