ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌপ্রধান হচ্ছেন খন্দকার মিসবাহ উল আজীম

0

 ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌপ্রধান হচ্ছেন খন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই অপরাহ্ণ থেকে তিনি ভাইস এডমিরাল পদে উন্নীত হয়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত। তিনি বর্তমান নৌপ্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

১৯৮৭ সালে নৌবাহিনীতে যোগদানের পর দীর্ঘ কর্মজীবনে রিয়ার এডমিরাল আজীম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি। তাঁর ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিন কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ সদরে অপারেশনস ও পরিকল্পনা পরিচালকের পদেও কাজ করেছেন। একাধিক যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্ব করেছেন তিনি।

শিক্ষাগত জীবনেও তাঁর অর্জন উল্লেখযোগ্য। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি একাধিক মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েট তিনি। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে মেধা তালিকায় স্থান পাওয়ায় রাষ্ট্রপতির চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড লাভ করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেছেন রিয়ার এডমিরাল আজীম। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বেগম নূরতাজ আজীমের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যার জনক।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team