সম্প্রীতির বাস্তবতা, রাজনীতির বয়ান ও তথ্যের দায়

0

 সম্প্রীতির বাস্তবতা, রাজনীতির বয়ান ও তথ্যের দায়

রাজনৈতিক পটপরিবর্তনের পর যেকোনো সমাজেই নানা ধরনের মনস্তাত্ত্বিক বিতর্ক ডালপালা মেলে। বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি একটি কথা বিভিন্ন মহলে বেশ জোরেশোরে শোনা যায়—‘আগের আমলেই নাকি ধর্মীয় সংখ্যালঘু ও সম্প্রীতির পরিবেশ বেশি সুরক্ষিত ছিল।’ কিন্তু আবেগ বা রাজনৈতিক আনুগত্যের বাইরে গিয়ে যদি আমরা কেবল নিরপেক্ষ তথ্য ও বাস্তব পরিসংখ্যানের দিকে তাকাই, তবে দৃশ্যপটটি সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। কোনো রাষ্ট্রের সম্প্রীতির মানদণ্ড নির্ধারণ করতে হয় নথিবদ্ধ বাস্তবতা এবং নাগরিকের প্রকৃত নিরাপত্তার নিরিখে, মুখের কথায় নয়।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দীর্ঘমেয়াদি তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৩ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পৌনে নয় বছরেই দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ৩ হাজার ৬৭৯টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্দির, পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনাই ছিল অন্তত ১ হাজার ৬৭৮টি। এর পরপরই ২০২১ সালের দুর্গাপূজায় কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের ৩০টির বেশি জেলায় একযোগে দুই শতাধিক মন্দির ও মণ্ডপে যেভাবে পরিকল্পিত তাণ্ডব চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ক্ষত তৈরি করে। ২০১৪ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা কিংবা ২০১৬ সালের নাসিরনগরের হামলার স্মৃতি এখনও জনমনে স্পষ্ট। এসব ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক ছিল রাজনৈতিক প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি। মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও বাস্তবে ধর্মীয় সংখ্যালঘুদের একটি স্থায়ী ‘ভোটব্যাংক’ হিসেবে ধরে নিয়ে তাঁদের নিরাপত্তাকে বারবার রাজনৈতিক সমীকরণের হাতিয়ার বানানো হয়েছে বলে নাগরিক সমাজের দীর্ঘদিনের অভিযোগ।

এর বিপরীতে সাম্প্রতিক দুর্গাপূজা ও উৎসবগুলোর প্রেক্ষাপট পর্যবেক্ষণ করলে এক উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মেলে। কেবল আনুষ্ঠানিক আশ্বাসে সীমাবদ্ধ না থেকে তৃণমূল পর্যায়ে সাধারণ শিক্ষার্থী, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে রাত জেগে মণ্ডপ পাহারা দেওয়ার যে দৃশ্য দেখা গেছে, তা সামাজিক সংহতির এক নতুন দৃষ্টান্ত। একই সাথে রাষ্ট্রীয় পর্যায় থেকে ধর্মীয় নেতাদের সাথে সরাসরি আলোচনা, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক প্রযুক্তিগত ও যৌথ বাহিনীর নজরদারি এবং পূজার ছুটি ও সরকারি সহায়তা বৃদ্ধির মতো বাস্তবমুখী পদক্ষেপগুলো সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রেখেছে। অতীতের মতো একযোগে শত শত মণ্ডপ গুঁড়িয়ে দেওয়ার মতো সুসংগঠিত সহিংসতা এবার প্রতিহত করা সম্ভব হয়েছে তৃণমূলের এই সতর্ক অবস্থানের কারণেই।

তবে এই ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নতুন এক ফ্রন্টে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা হলো সামাজিক যোগাযোগমাধ্যমের তীব্র তথ্যযুদ্ধ। ক্ষমতাচ্যুত রাজনৈতিক বলয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও নির্দিষ্ট কিছু মাধ্যম থেকে ক্রমাগত এমন একটি বয়ান ছড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যেন দেশে ধর্মীয় সংখ্যালঘুরা সম্পূর্ণ অরক্ষিত এবং নির্বিচারে উপাসনালয় ভাঙচুর হচ্ছে। স্বাধীন তথ্য-যাচাইকারী প্রতিষ্ঠানগুলো অনুসন্ধান করে দেখিয়েছে যে, অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ও ছবি আসলে ২০২১ সালের কিংবা দেশের বাইরের পুরনো ঘটনার দৃশ্য। এমনকি সাধারণ অগ্নিকাণ্ড বা ব্যক্তিগত বিরোধের ঘটনাকেও পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করার প্রমাণ পাওয়া গেছে। এই ধরনের অপপ্রচারের মূল উদ্দেশ্য থাকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং একটি কৃত্রিম অস্থিরতার আবহ তৈরি করা।

৫ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ পূজা এলেই কিছু গুজব ছড়ায়। অথচ তাদের সময়কার তথ্যগুলোতো সবার জানা। ধর্মীয় সম্প্রীতি কোনো একক দলের কৃপা নয়, কিংবা কোনো বিশেষ ভূরাজনৈতিক শক্তির প্রতিশ্রুতির ওপরও তা নির্ভরশীল হতে পারে না। সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে দীর্ঘদিনের চর্চা দেশে চলে আসছিল, তা থেকে বেরিয়ে আসার এখনই সময়।

গুজব ও অপতথ্যের বিপরীতে সত্যকে তুলে ধরা যেমন দায়িত্বশীল নাগরিকের কাজ, ঠিক তেমনি মাঠপর্যায়ের সামান্যতম অপ্রীতিকর ঘটনাকেও বিন্দুমাত্র ছাড় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে একটি টেকসই ও অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি।


No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team