🔴 রংপুরে একই পরিবারের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে মিল একাধিক আলামতের
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা একাধিক আলামতের নমুনার মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৩৫টি আলামত পরীক্ষার জন্য ঢাকার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এর মধ্যে খেজুরের বিচি, আধখাওয়া শসার অংশ, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ছিপি ও গামছাসহ কয়েকটি আলামতের সঙ্গে আসামিদের ডিএনএর মিল পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ঢাকায় সিআইডি কার্যালয়ে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পুলিশের দাবি, ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির মধ্যে সামঞ্জস্য রয়েছে। তদন্তে এখন পর্যন্ত এ দুই আসামির বাইরে অন্য কারও সংশ্লিষ্টতা শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি চলছে। ডিএনএ পরীক্ষার ফলাফল এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
#রংপুর #গণপতি_চক্রবর্তী #চার_খুন #ডিএনএ_পরীক্ষা #অপরাধ_সংবাদ #বাংলাদেশ
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment