ডিবির হাতে গ্রেফতার কে এই কাজী গুলশান আরা?

0

ডিবির হাতে গ্রেফতার কে এই কাজী গুলশান আরা?

রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যে দুইজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে, তাদের একজন লেফটেন্যান্ট (অবঃ) কাজী গুলশান আরা। সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের ভাষ্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগসাজশের তথ্য পাওয়া গেছে।

কিন্তু কে এই গুলশান আরা?

এক নজরে তার পরিচয় বেশ সাধারণ মনে হতে পারে। মিরপুর বাংলা স্কুল ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কলেজে পড়াশোনা শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক। ২০০৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান। দুই বছরের প্রশিক্ষণ শেষে ২০০৭ সালে লেফটেন্যান্ট হিসেবে স্বেচ্ছায় অবসর নেন। এরপর শিক্ষকতা, শেভরন বাংলাদেশে সংক্ষিপ্ত কাজ, তারপর Group 4 Security (G4S)-এ হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে যোগ দেন। বাংলাদেশ ও দুবাই উভয় জায়গায়ই কাজ করেছেন। পরে Security 360 Limited-এর ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট সিকিউরিটির জগতে তিনি একজন পরিচিত মুখ।

কিন্তু ২০১৮ সালের নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে যায়। দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করেন। আচরণগত সমস্যা ও শৃঙ্খলাভঙ্গের কারণে ২০১৮-১৯ সালে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত (পিএনজি) ঘোষণা করা হয়। তারপরও তিনি সরে যাননি।

পাঁচ আগস্টের পর তিনি আবার সক্রিয় হন। “Bangladesh Awami League Supporters”, “Alpha 1”, “BBM Transparency”, “Unity Core”সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত ছিলেন বলে ডিজিটাল তথ্যে উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। জুম মিটিংয়ের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যে ১২ জনের তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে তার নামও ছিল। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ইস্যুকে সামনে এনে প্রো-লিবারেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। ভারতীয় নাগরিকদের সঙ্গে সম্পর্ক এবং আসামে ব্যবসায়িক কার্যক্রমের তথ্যও তদন্তের আওতায় এসেছে।

এখানেই গল্পটা সাধারণ গ্রেফতারের বাইরে চলে যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেজর সাদিকুল ইসলাম সাদেককে আওয়ামী লীগের লোকদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সূত্র বলছে, এটি সাধারণ প্রশিক্ষণ ছিল না। এটি ছিল “সাব টেক্টিক্যাল আরবান ওয়ারফেয়ার” বা গেরিলা কৌশলভিত্তিক প্রশিক্ষণ। লক্ষ্য ছিল ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচ, পপুলার হাসপাতাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ হাই ভ্যালু টার্গেট। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রের নাম দেওয়া হয়েছে “মেজর সাদিক-সুমাইয়া-গুলশান আরা চক্র”। সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনও এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

একজন কর্পোরেট সিকিউরিটির মানুষ, যার হাতে অস্ত্র, নিরাপত্তা ও জনবল ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে, কেন এই নেটওয়ার্কের অংশ হবেন—এই প্রশ্নটাই এখন সামনে এসেছে।

ডিসেম্বরকে লক্ষ্য করে কাজী গুলশান আরারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। ঝটিকা মিছিলের জন্য টাকা কালেকশন, আওয়ামী লীগের জন্য ক্রাইসিস ফান্ড কালেকশন এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহীতার শামিল। 

গুলশান আরার প্যাটার্ন হলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নেটওয়ার্ক, সিকিউরিটি কোম্পানির লজিস্টিকস, এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মীদের একত্রিত করা।  এসব কর্মকাণ্ড মানে রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা।  

 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team