পাসপোর্ট জল্পনার আড়ালে উস্কানি বন্ধে গণমাধ্যমকে আদালতের নির্দেশ মেনে চলার তাগিদ

0
  • গণহত্যার বিচার ও সাক্ষী সুরক্ষায় শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা;  

  • পাসপোর্ট জল্পনার আড়ালে উস্কানি বন্ধে গণমাধ্যমকে আদালতের নির্দেশ মেনে চলার তাগিদ

 ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ঐতিহাসিক আদেশে পতিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার, প্রকাশ এবং তা সব মাধ্যম থেকে অপসারণের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। তবে জুলাই-আগস্টের গণহত্যার বিচার যখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেই আইনি আদেশটির কঠোর ও আপসহীন প্রয়োগ এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন আইন ও নিরাপত্তা বিশ্লেষকেরা।

সম্প্রতি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ভারতে পলাতক থাকা শেখ হাসিনা ট্রাভেল পাস বা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। গণমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও ফলাও করে খবর প্রচার করা হচ্ছে।

তবে বিশ্লেষকরা জোরালোভাবে সতর্ক করে বলছেন, এই ধরনের খবর প্রচারের সুযোগ নিয়ে কোনো গণমাধ্যম যেন প্রকারান্তরে গণহত্যার মূল আসামির রাজনৈতিক সাফাই, উস্কানি কিংবা অপপ্রচারমূলক বক্তব্য প্রচার না করে। আদালতের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে সব টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে পতিত স্বৈরাচারের যেকোনো ধরণের বক্তব্য প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকার কঠোর আহ্বান জানানো হচ্ছে।

বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দিচ্ছেন, ২০২৪ সালের ৫ ডিসেম্বরের আদেশে আদালত স্পষ্ট করে দিয়েছিলেন—সংবিধান, বিটিআরসি আইন এবং জাতিসংঘের নীতিমালা অনুযায়ী পলাতক আসামির কোনো কথাই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না; বরং তা সুস্পষ্ট ‘বিদ্বেষমূলক বক্তব্য’। মামলার ভুক্তভোগী, শহীদ পরিবার ও সাক্ষীদের ভীতি প্রদর্শন করে বিচারকে প্রভাবিত করতেই পলাতক শেখ হাসিনা এমন উস্কানি চালিয়ে যাচ্ছেন।

ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসির উচিত এখনই সেই আদেশের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। গণমাধ্যমগুলো যাতে কোনোভাবেই অপপ্রচার ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সেজন্য কঠোর মনিটরিং নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা।

সার্বিকভাবে বিশ্লেষকদের স্পষ্ট মূল্যায়ন—জুলাই অভ্যুত্থানের রক্তের দাগ শুকায়নি, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং গণহত্যার বিচার প্রক্রিয়াকে নিষ্কণ্টক রাখতে ২০২৪ সালের ৫ ডিসেম্বরের আদেশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাসপোর্ট জল্পনার আড়ালে পতিত শক্তির কোনো এজেন্ডা যাতে গণমাধ্যমে স্থান না পায়, সে বিষয়ে রাষ্ট্র ও গণমাধ্যম—উভয়কেই সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team