ফরিদপুরে সিআইপি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

0
পুলিশের গাড়ির জরুরি বাতি
প্রতীকী ছবি · Tellyaddict / Wikimedia Commons

নাশকতা ও যৌথ বাহিনীর ওপর হামলার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ফরিদপুর সদরের কানাইপুরে অবস্থিত অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের (সিআইপি) বাড়ি থেকে এবং তার উপস্থিতিতেই এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের সময় বিএম হারুন-অর রশিদ পিনুর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত বিএম হারুন-অর রশিদ পিনু গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতইল গ্রামের মৃত আব্দুল হাকিম বিশ্বাস ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত পিনু সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতা, জনজীবন বিপর্যস্ত করা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণের ঘটনার অন্যতম নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে অভিযুক্ত।

এদিকে, একটি বিশিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার ও ক্রীড়া সংগঠকের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ওই নেতা গ্রেফতার হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আশ্রয়দাতা হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের গতিবিধিও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team