ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

0

 

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আবারও জাতীয় ঐক্যের ডাক। গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক মঞ্চে আসতে হবে সব গণতান্ত্রিক শক্তিকে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে দেশের স্বার্থ। এমন বার্তাই উঠে এসেছে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার বক্তব্যে।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বলেছেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার পরিকল্পনার অভিযোগও তুলেছেন তিনি। এমন পরিস্থিতিতে চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

শুধু সরকার নয়। বিরোধী দলের কণ্ঠেও একই আহ্বান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই একই কাতারে ছিলেন। কিন্তু সেই ঐক্যে এখন দুর্বলতা তৈরি হয়েছে। আর এই সুযোগই নিচ্ছে পতিত শক্তি। তাই দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যে ফিরে যাওয়ার তাগিদ তাঁর।

রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে দুই নেতার এই অভিন্ন অবস্থান গুরুত্বপূর্ণ। কারণ, গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে তা টিকিয়ে রাখা অনেক সময় বেশি কঠিন। চব্বিশের গণঅভ্যুত্থান একটি বড় রাজনৈতিক পরিবর্তন এনেছে। কিন্তু সেই পরিবর্তনের অর্জন ধরে রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। প্রয়োজন পারস্পরিক আস্থা। আর সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় স্বার্থে ঐকমত্য।

এখানে একটি বিষয় স্পষ্ট। জাতীয় ঐক্য মানে রাজনৈতিক মতপার্থক্য ভুলে যাওয়া নয়। সরকার ও বিরোধী দলের ভিন্ন অবস্থান থাকতেই পারে। সংসদে বিতর্ক হবে। সরকারের সমালোচনা হবে। কিন্তু গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভক্তি কাম্য নয়।

কারণ, রাজনৈতিক বিভক্তি যত বাড়বে, অস্থিতিশীলতার আশঙ্কাও তত বাড়বে। সুযোগ নিতে পারে সহিংসতায় জড়িত শক্তি। ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। বাধাগ্রস্ত হতে পারে বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান।

বিশেষ করে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা, জ্বালানি সংকট এবং শ্রমিক অসন্তোষের মতো বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি। প্রয়োজন সরকার ও বিরোধী দলের সহযোগিতা। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতার বিরুদ্ধে নিতে হবে কঠোর আইনগত ব্যবস্থা। নিশ্চিত করতে হবে ন্যায়বিচার। থাকতে হবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা।

চব্বিশের গণঅভ্যুত্থানের বড় শিক্ষা ছিল ঐক্যের শক্তি। সেই ঐক্যই পতিত স্বৈরশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। এখন সেই শক্তিকে ধরে রাখাই বড় পরীক্ষা।

তাই প্রশ্ন একটাই। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে জাতীয় স্বার্থে কতটা এক হতে পারবে গণতান্ত্রিক শক্তিগুলো?

বাস্তবতা বলছে, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর রাজনৈতিক ঐক্য। প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা।

কারণ, সরকার বদলাতে পারে। ক্ষমতার পালাবদল হতে পারে। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আপসের সুযোগ নেই।

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team