নিষিদ্ধ দলের অগ্নিসংযোগ ও সংঘর্ষ: আইনশৃঙ্খলার নতুন চ্যালেঞ্জ

0

কার্যক্রম নিষিদ্ধ একটি দলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশ এখন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। রাজপথে রাজনীতি নেই, আছে আগুন। বক্তব্যে যুক্তি নেই, আছে ককটেলের শব্দ। রাজধানী থেকে গোপালগঞ্জ, চট্টগ্রাম থেকে রাজশাহী, নারায়ণগঞ্জ থেকে যশোর—যাত্রীবাহী বাস, রেলপথ, থানা, হাসপাতাল, ব্যাংক, রাজনৈতিক কার্যালয় এমনকি বসতবাড়ি পর্যন্ত এখন হামলার লক্ষ্য। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও রেললাইনে নাশকতা, কোথাও থানায় হামলা, কোথাও গ্রামীণ ব্যাংকের শাখা পোড়ানো। এমনকি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এটা প্রতিবাদ নয়, এটা পরিকল্পিত অস্থিরতা তৈরির চেষ্টা।

সংখ্যাগুলোই বলে দেয়, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাবে ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ আর ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া, থানা ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা চলছেই। শুধু ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বর রাতের মধ্যে নড়াইল, ফরিদপুর ও পিরোজপুরে চারজন নিহত হয়েছেন—তাদের মধ্যে তিনজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, একজন বাসের সহকারী। পুলিশ, ভুক্তভোগী ও গোয়েন্দা তথ্য বলছে, এসব ঘটনার বড় অংশের পেছনে নিষিদ্ধ ঘোষিত দল ও তার সহযোগী সংগঠনের কর্মীদের সম্পৃক্ততা রয়েছে।

এটাই এখন আইনশৃঙ্খলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ লড়াইটা আর প্রকাশ্য রাজনীতির মাঠে নেই—লড়াইটা চলে গেছে অন্ধকারে, ভোররাতে, ফাঁকা রাস্তায়। আগাম গোয়েন্দা সতর্কতা আছে, বিশেষ অভিযান চলছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন হয়েছে, তবু নাশকতা থামছে না। একদিকে পাল্টা প্রতিক্রিয়ায় নিষিদ্ধ দলের নেতাকর্মীদের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা—আজ বাসে উঠতে ভয়, রেলে চলতে ভয়, ব্যাংকে যেতে ভয়। রাষ্ট্র যদি এই মুহূর্তে রাস্তা আর জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে সংকটটা শুধু আইনশৃঙ্খলায় আটকে থাকবে না, তা অর্থনীতি আর জনআস্থাতেও আঘাত করবে।

এই প্রেক্ষাপটে জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকারের বক্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি অভিযোগ করেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করতে একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে। কথাটা কঠোর শোনালেও মাঠের চিত্রের সঙ্গে মিলিয়ে দেখলে উড়িয়ে দেওয়া যায় না। যখন একের পর এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান আর সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যমকে টার্গেট করা হয়, তখন সেটা আর দলীয় কর্মসূচি থাকে না—সেটা রাষ্ট্রকে অকার্যকর দেখানোর কৌশল হয়ে ওঠে।

তাই প্রশ্নটা এখন পরিষ্কার। নাশকতার জবাব কি পাল্টা নাশকতা হবে, নাকি আইন হবে। সরকার বলছে, কঠোর অবস্থানে যাওয়া হবে—কিন্তু সেটা আইনি পথেই। অর্থাৎ যারা আগুন দিচ্ছে, ককটেল ছুড়ছে, রেল উপড়ে ফেলছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, মাঠপর্যায়ের তদন্ত—সব মিলিয়ে দায়ীদের বিচার নিশ্চিত করা ছাড়া এই চক্র ভাঙা যাবে না। একই সঙ্গে পাল্টা আগুন ও ব্যক্তিগত প্রতিশোধও বন্ধ করতে হবে, কারণ তাতে রাষ্ট্রের নৈতিক অবস্থান দুর্বল হয়। রাষ্ট্রের শক্তি লাঠিতে নয়, রাষ্ট্রের শক্তি আইনে। নিষিদ্ধ দলের এই অগ্নিসংযোগ আর সংঘর্ষের রাজনীতিকে যদি আইনের শক্তিতে মোকাবিলা করা যায়—দ্রুত গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক সাজা—তবেই আইনশৃঙ্খলা ফিরবে, মানুষের আস্থাও ফিরবে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team