পুরোনো ভিডিও, নতুন দাবি: বিজিবির সঙ্গে আরাকান আর্মির কথোপকথনকে ইউপিডিএফের ঘটনা বলে প্রচার
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তার সঙ্গে অস্ত্র হাতে তিন যুবকের কথোপকথনের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফের সদস্য চলে আসায়, মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ধারা ফ্যাক্ট করে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের। এছাড়া সেখানে দেখতে পাওয়া অস্ত্র হাতে উপস্থিত তিন যুবক ইউপিডিএফ নয়, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য।
‘হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফ’ দাবিতে ভিডিওটি ফেসবুকের বেশ কয়েকটি পেজ-প্রোফাইল থেকে শেয়ার (১, ২, ৩, ৪, ৫) করা হয়। সেখানে দেখা যায়, বিজিবির এক কর্মকর্তা তার সামনে উপস্থিত যুবকদের বলছেন, ‘শূন্য লাইনে তুমি আসতে পারব না। এটা আসার কোনো এখতিয়ার তোমার নাই।’ জবাবে যুবকদের মধ্যে একজন বলছেন, ‘এখন যাওয়ার রাস্তা নাই বিধায় একটু ইউজ (ব্যবহার) করছি।’ শেয়ার করা একটি ভিডিওর ভেতরে সম্পাদনা করে লেখা হয়, ‘হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফ মুহূর্তেই তৈরি হলো উত্তেজনা।’
শনিবার, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফেসবুকের সেই ভিডিওটি দুই লাখের বেশিবার দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন তিন হাজারের অধিক ব্যবহারকারী। মন্তব্যে এক ব্যবহারকারী লেখেন, ‘গোলাবারুদ সহ সামনে তাও কিছু করতে পারে না বিজিবি।’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘ভারতীয় অর্থায়নে পরিচালিত পাহাড়ি সন্ত্রাসী গুষ্টকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেপ্তারের দাবি জানাই।’
ছড়িয়ে পড়া দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ধারা ফ্যাক্ট। সার্চে সংবাদমাধ্যম দেশ টেলিভিশন ও এসএটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হুবহু একই দৃশ্যের লম্বা সংস্করণ পাওয়া যায়। ২০২৫ সালের ১৩ অক্টোবরে প্রকাশিত ভিডিওগুলোর বিবরণে বলা হয়, ‘বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা আরাকান আর্মির, বিজিবি'র বা-ধা।’ এসটিভিতে প্রচারিত ৫৮ সেকেন্ডের প্রচারিত ভিডিওতে বিজিবি সদস্যকে উপস্থিত যুবকদের আরাকান আর্মি বলে সম্বোধন করতে শোনা যায় এবং তাদের ফিরে যেতে বলেন। আর পরবর্তীতে সসস্ত্র সেই যুবকরা সেই জায়গা ত্যাগ করছেন বলে শোনা যায়।
অর্থাৎ, এক বছর আগে বিজিবি সদস্যের আরাকান আর্মিদের বাধা দিয়ে ফিরে যেতে বলার ভিডিও প্রচারিত হচ্ছে ইউপিডিএফ কর্মীদের সঙ্গে বিজিবির হঠাৎ সাক্ষাতে উত্তেজনা ছড়িয়ে পড়ার দৃশ্য দাবিতে, যা সঠিক নয়।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment