'ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্ষায় শুভেন্দুকে থামান'—সংসদে জি এম সিরাজ

0

'ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্ষায় শুভেন্দুকে থামান'—সংসদে জি এম সিরাজ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে উল্লেখ করে তাঁকে থামাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জি এম সিরাজ এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুশ ইন (ঠেলে দেওয়া) বন্ধ করা এবং ভারত সীমান্তে মাদকের কারখানাগুলো বন্ধ করারও দাবি জানান।

বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চায় উল্লেখ করে সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে, একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাঁকে থামান। বাংলাদেশবিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝেমধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য...ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।’

শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মন্তব্য করে জি এম সিরাজ বলেন, ‘আমরা সবাই চাই ভারত–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি।’

প্রতিবেশীকে অস্বীকার করা যায় না উল্লেখ করে জি এম সিরাজ বলেন, ‘দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে। স্বামী-স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশের এই প্রতিবেশীর সম্পর্কে ডিভোর্স হতে পারে না।’

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে ধরে জি এম সিরাজ বলেন, তাঁর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তৈরি হয়েছে।

মানুষের হৃদয় জয় করার আহ্বান জানিয়ে ভারতের উদ্দেশে জি এম সিরাজ বলেন, ‘আমরা চাই ভারতবিরোধিতা অথবা বাংলাদেশবিরোধিতা—এগুলো না হোক। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই। সে ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশ ইন বন্ধ করুন।’

জি এম সিরাজ বলেন, ২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে। অনেক প্রচার হয়েছে, কিন্তু ‘প্রভুদের নির্দেশ ছাড়া’ সম্পদ তোলা যায়নি।’ অফশোর বিডিংয়ের কথা উল্লেখ করে জি এম সিরাজ বলেন, বর্তমান সরকার এ ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। এবার কারও অনুমতি লাগেনি।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team