ফায়ার সার্ভিসকে টার্গেট করে অপপ্রচার: গ্রেফতার সাংবাদিক হাফিজুর রহমান শফিক

0

 ফায়ার সার্ভিসকে টার্গেট করে অপপ্রচার: গ্রেফতার সাংবাদিক হাফিজুর রহমান শফিক


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নিয়ে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগে রাজধানীতে গ্রেফতার হয়েছেন অনলাইন পোর্টাল ‘সকালের সংবাদ’-এর কথিত সাংবাদিক হাফিজুর রহমান শফিক। গত ২১ জুলাই রাতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ধারা ২২(২), ২৫(১) ও ২৭-এর অধীনে মামলা দায়ের করা হয়। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলার ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।


তদন্তসূত্র জানায়, হাফিজুর রহমান শফিক একটি সংঘবদ্ধ অপপ্রচার ও প্রতারণামূলক চক্রের অন্যতম সমন্বয়কারী। চক্রটিতে প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরেকটি মামলাও বিচারাধীন রয়েছে, যেখানে আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।


উল্লেখযোগ্য বিষয় হলো—এই ঘটনায় ফায়ার সার্ভিস নিজে কোনো মামলা করেনি। অথচ অভিযুক্ত ব্যক্তি প্রতিনিয়ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রচার করে আসছিলেন। তার মূল লক্ষ্য ছিল নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ বাণিজ্যের সুযোগ তৈরি করতে চাপ সৃষ্টি করা।

বর্তমানে ফায়ার সার্ভিস নিয়োগে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করে অনিয়মের পথ বন্ধ করার চেষ্টা করছে। ঠিক এই সময়ে এ ধরনের অপপ্রচার চক্রের তৎপরতা নিয়োগ প্রক্রিয়াকে বিভ্রান্ত ও চাপের মুখে ফেলার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্য ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo