খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

0

 


খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও নানা সরঞ্জামসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ আভিযানিক দল। আটকের পর তাকে পরবর্তী কার্যক্রমের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২২ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪টার দিকে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়া থেকে সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা (৫৫) নামের ওই সন্ত্রাসীকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

আটককৃত সোনা চাকমা মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের চিত্ত রঞ্জন কার্বারী পাড়ার আরবো চাকমার ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা দীর্ঘদিন ধরে লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়ায় অবস্থান করে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় পাহাড়ি-বাঙালি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিলো সে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভোররাতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মহালছড়ি জোন ও মহালছড়ি থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল।

এদিন, অভিযান চালিয়ে ওই ইউপিডিএফ সন্ত্রাসীকে জগনাথ পাড়ার বাসিন্দা শিমুল চাকমার বাড়ির পাশের সেগুন বাগানে একটি পিস্তল, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদসহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনীর সদস্যরা।

পরে সোনা চাকমা ওরফে বিকাশ চাকমাকে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ মহালছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটকের সত্যতা নিশ্চিতে করে জানিয়েছেন আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী সোনা চাকমার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইউপিডিএফ সন্ত্রাসী সুশান্ত চাকমা ওরফে বিকাশকে আটকের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সুশান্ত চাকমার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team