সাম্প্রতিক সফর ইস্যু এবং প্রধানমন্ত্রীকে সৌদি সফরে আমন্ত্রণের তাৎপর্য।
কিছুদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভারত সফর নিয়ে ঢাকা দিল্লী সম্পর্ক নানা কূটনৈতিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। ঢাকার সাথে সম্পর্ক উন্নোয়নের চেষ্টা করে যাচ্ছে দিল্লিী। কিন্তু ঢাকা প্রত্যর্পণ ইস্যু, সীমান্ত ইস্যু ও অন্যান্য ইস্যুতে অনড় থাকায় অনিশ্চিত হয়ে পড়ছে প্রধানমন্ত্রীর ভারত সফর।
অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি গভীর ও দৃশ্যমান গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্রীয় সফরের পরপরই সৌদি আরবের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা আগমন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনীতির জটিল প্রেক্ষাপটে এটিকে শুধু একটি সাধারণ দ্বিপক্ষীয় কূটনৈতিক আমন্ত্রণ হিসেবে দেখার কোনো সুযোগ নেই; বরং এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ক্ষমতার ভারসাম্য, নিরাপত্তা কাঠামোর রূপান্তর এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বহুমুখী একটি বড় ধরনের কৌশলগত সাফল্য।
ভূরাজনীতি মূলত একটি গতিশীল দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি চালের সঙ্গে সঙ্গে খেলোয়াড় এবং ঘুঁটির গুরুত্ব ও সমীকরণ দ্রুত বদলে যায়। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিও ঠিক তেমন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে ‘সিকিউরিটি আমব্রেলা’ বা একচ্ছত্র নিরাপত্তাবলয় ছিল, তা সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংকটে অনেকটাই কার্যকারিতা হারিয়েছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো–বিশেষ করে সৌদি আরব, কাতারের মতো আঞ্চলিক পরাশক্তিগুলো এখন বুঝতে পারছে যে, নিজেদের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একক কোনো পশ্চিমা পরাশক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল থাকা বুদ্ধিমানের কাজ নয়। ফলে এই অঞ্চলের রাষ্ট্রগুলো এখন নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও মৈত্রী কাঠামোতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে।
এর সবচেয়ে বড় এবং দৃশ্যমান উদাহরণ হলো, কিছুদিন আগে ইরানের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনার পরও, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সৌদি আরবের পক্ষ থেকে ডেপুটি ফরেন মিনিস্টারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানো। যে দেশের তেল স্থাপনা ও কৌশলগত অঞ্চলে কিছুদিন আগেও ইরানের পরোক্ষ বা প্রত্যক্ষ হামলার ঘটনা ঘটেছে, সেই দেশের সর্বোচ্চ নেতার শেষবিদায় অনুষ্ঠানে সৌদি আরবের এ ধরনের উচ্চপর্যায়ের অংশগ্রহণ এটাই ইঙ্গিত করে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। তারা দীর্ঘদিনের বৈরিতা ভুলে ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে এক প্রকার রাজনৈতিকভাবে মেনে নিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের টেকসই পথ খুঁজছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে কিছু ছোটখাটো সামরিক সংঘাত বা এস্কেলেশন সত্ত্বেও, সাময়িক যুদ্ধবিরতি এবং ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামোর টিকে যাওয়া সৌদি আরবকে ওয়াশিংটনের প্রভাববলয়ের বাইরে গিয়ে নিজের জন্য নতুন এক কূটনৈতিক ‘স্পেস’ বা ক্ষেত্র তৈরি করতে উদ্বুদ্ধ করছে। এই সম্পর্কের পুনর্গঠন ও বৈচিত্র্যায়ণের অংশ হিসেবেই হয়তো রিয়াদ এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান ও স্থিতিশীল অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে এনগেজ হতে বা সম্পর্ক জোরদার করতে আগ্রহী, যার অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠতে পারে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাস্তবতায় সৌদি আরবের এই স্বতঃস্ফূর্ত আগ্রহ একটি অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক বার্তা বহন করে।
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি কোনো একক মেরু বা নির্দিষ্ট কোনো অক্ষের দিকে ঝুঁকে নেই, যা এই আমন্ত্রণের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। বাংলাদেশের এই বহুমাত্রিক কূটনীতির একটি স্পষ্ট ডিরেকশন বা দিকনির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। একদিকে চীন বা মালয়েশিয়ার দিকে মনোযোগ দেওয়া মানে শুধু নির্দিষ্ট ওই দুটি দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন নয়, বরং আসিয়ান এবং সামগ্রিক পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান বাজারের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করা। অন্যদিকে, পশ্চিম এশিয়া তথা সামগ্রিক মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করা আমাদের এই কৌশলগত ভারসাম্যেরই একটি বাস্তবমুখী বহিঃপ্রকাশ।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment