কেবল সংকটের শিরোনাম দিয়েই প্রথম আলোর প্রথম পাতা

0


কেবল সংকটের শিরোনাম দিয়েই
প্রথম আলোর প্রথম পাতা

বুধবারের প্রথম আলোর প্রথম পাতা দেখলে মনে হয় দেশে আর কিছু ঘটেনি—শুধু খুন, চাঁদাবাজি, সারের সংকট আর ভ্যাটের হিসাব। মাঝখানে বড় গ্রাফিক: ছয় মাসে ১৮টি পারিবারিক হত্যাকাণ্ড, নিহত ২৪। নিচে মোটা অক্ষরে ‘একের পর এক ভয়ংকর খুন’। পাশে উদ্ধৃতি, ‘বাঁচতে চাইলে সব দে’—ঢাকায় ঢুকেই তারা অপরাধের শিকার। ডানদিকে কৃষক সার পাচ্ছেন না, নিচে হেয়ারকাট ভ্যাট বাতিল। ঈদে মিলাদুন্নবী আর বিজ্ঞাপন বাদ দিলে পুরো পাতা যেন একটা অস্থিরতার পোস্টার।

প্রথম পাতায় পাঠক কী খোঁজে? প্রথম আলো কী দিচ্ছে? একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ কারখানার জন্য প্রণোদনা প্যাকেজ এগোচ্ছে, সেপ্টেম্বরে বিতরণের কথা বলা হচ্ছে। আদানি চুক্তি বহাল রেখে বকেয়া পরিশোধ ও সরবরাহ চালিয়ে যাওয়া হচ্ছে। আমদানি নীতি হালনাগাদ হয়েছে। এগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত—ভালো-মন্দ যাচাইয়ের বিষয়। কিন্তু প্রথম পাতায় সেগুলোর ছাপ নেই। যে সংবাদ পাঠক সকালে প্রথমে দেখবে, সেখানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অভাবের খবর।

পত্রিকার কাজ সংকট চাপা দেওয়া নয়। খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কৃষক সার পাচ্ছে না—এগুলো খবর। সমস্যা হলো অগ্রাধিকার। প্রায় কয়েক মাস ধরে একই ফ্রেম: নির্বাচনের পর বিএনপি সরকার এসেছে, মনে হয় যেন এরই মধ্যে আইনশৃঙ্খলা ভেঙেছে, মানুষ অসহায়, রাষ্ট্র ব্যর্থ। আওয়ামী লীগ আমলের গুম-ক্রসফায়ার-নির্বাচনী সহিংসতা আগে কি একই স্কেলে প্রথম পাতা জুড়ে থাকত কি না, সেই তুলনা পাঠক নিজেই করতে পারেন। এখন যে ভাষা ব্যবহার হচ্ছে—‘ভয়ংকর’, ‘বাঁচতে চাইলে সব দে’—তা ঘটনার চেয়ে অনুভূতি তৈরি করে বেশি।

এই ফ্রেম দুই দিকে কাজে লাগে। দেশের ভিতরে এটি বর্তমান প্রশাসনকে ব্যর্থ দেখায়। বাইরে, বিশেষ করে ভারতীয় মিডিয়া ও নিষিদ্ধ আওয়ামী নেটওয়ার্কে, একই ছবি ঘুরে বেড়ায়—বাংলাদেশ অরাজক, সংখ্যালঘু ও সাধারণ মানুষ অরক্ষিত। প্রথম আলো সরাসরি সেই প্রচারণার অংশ কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু সম্পাদকীয় পছন্দ যে সেই ন্যারেটিভকে উস্কানি ও যোগান দিচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই সরকারের উদ্যোগ থাকলেও তা ভেতরের পাতায় ঠেলে দিয়ে প্রথম পাতায় শুধু সংকট রাখা—এটা নিরপেক্ষতার চেহারা নয়, এজেন্ডা সেটিং।

একটা পত্রিকা রাষ্ট্রের আয়না। কিন্তু সে যদি টানা একদিকেই আলো ফেলে আর অন্যদিক অন্ধকারে রাখে, তবে পাঠক জিজ্ঞেস করতেই পারে—প্রথম আলো প্রথম পাতা কী সেই রাষ্ট্রের প্রতিচ্ছবি দেখাচ্ছে, নাকি একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ছবি আঁকছে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team