প্রথম আলোর প্রথম পাতার রাজনীতি: সংবাদনীতি ও সেমিওটিক্স যা বলে
সংবাদপত্রের নীতিমালা মূলত কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়ায়—সত্যনিষ্ঠা, ন্যায্যতা, ভারসাম্য, জনস্বার্থ এবং ক্ষতি না করা। আন্তর্জাতিক মানদণ্ডে খবর হতে হবে যাচাইকৃত, প্রেক্ষাপটসহ উপস্থাপিত এবং একপেশে না। শিরোনাম ঘটনাকে বাড়িয়ে বা কমিয়ে পাঠকের সিদ্ধান্ত আগে থেকে তৈরি করবে না। অপরাধ সংবাদ দরকার, কিন্তু সেটিকেই জাতীয় বাস্তবতার একমাত্র ছবি বানানো নীতিগতভাবে ত্রুটি। এজেন্ডা-সেটিং তত্ত্ব বলে, মিডিয়া মানুষকে কী ভাবতে হবে তা না বলেও কী নিয়ে ভাবতে হবে তা নির্ধারণ করে। প্রথম পাতা সেই নির্ধারণের সবচেয়ে শক্ত জায়গা।
সেমিওটিক্স এই পাতাকে কেবল খবরের তালিকা হিসেবে দেখে না, চিহ্নের ব্যবস্থা হিসেবে দেখে। রোলাঁ বার্থসের ভাষায় প্রতিটি শিরোনামের দুই স্তর থাকে। ডিনোটেশন হলো আক্ষরিক অর্থ—ছয় মাসে ১৮টি পারিবারিক হত্যা, নিহত ২৪। কনোটেশন হলো তার সামাজিক অর্থ—রাষ্ট্র ব্যর্থ, মানুষ অসহায়, ক্ষমতা বদলের পর দেশ ভেঙেছে। ‘একের পর এক ভয়ংকর খুন’ বা ‘বাঁচতে চাইলে সব দে’ কেবল তথ্য নয়; ভয়ের মিথ তৈরি করে। রং, আকার, গ্রাফিকের অবস্থান—মাঝখানে বড় পরিবার-আইকন, লাল বৃত্ত—পাঠকের চোখকে সংকটের দিকে বাধ্য করে। যা বাদ পড়ে, তাও চিহ্ন। বন্ধ কারখানার প্রণোদনা, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখায় সরকারের চেষ্টা, কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের পদক্ষেপ প্রথম পাতায় না থাকা মানে সেগুলোকে ‘গুরুত্বপূর্ণ নয়’ বলে চিহ্নিত করা।
ফ্রেমিং তত্ত্ব এখানে মিলে যায়। একই বাস্তবতাকে ‘অপরাধ বৃদ্ধি’ ফ্রেমে রাখলে সরকার ব্যর্থ মনে হয়; ‘সংস্কার ও পুনরুদ্ধার’ ফ্রেমে রাখলে ছয় মাসের উদ্যোগও খবর হয়। ফেব্রুয়ারি ২০২৬-এর পর বিএনপি সরকার ক্ষমতায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা প্যাকেজ, সেপ্টেম্বরে বিতরণের লক্ষ্য, আদানি চুক্তি বহাল রেখে বকেয়া পরিশোধ—এগুলোও সংবাদ। সেগুলো ভেতরের পাতায় ঠেলে দিয়ে প্রথম পাতায় শুধু অরাজকতা, খুন, ছিনতাই ও অভাবের খবর রাখা নৈতিক ভারসাম্যের লঙ্ঘন এবং সেমিওটিকভাবে একমুখী বার্তা।
বার্থস যে ‘মিথ’ বলেছেন, তা এখানে কাজ করে: বিচ্ছিন্ন খুনগুলো জুড়ে একটি বৃহত্তর গল্প দাঁড় করানো হয়—নতুন ক্ষমতা মানে অরাজকতা। এই মিথ দেশের ভিতরে সরকারকে দুর্বল দেখায়, বাইরে পুরনো আওয়ামী ও কিছু ভারতীয় ন্যারেটিভকে জ্বালানি দেয়। পত্রিকা রাষ্ট্রের মুখপত্র নয়। কিন্তু বাছাই করা সংবাদ যদি টানা একদিকে একমুখী হয়, তবে সেটা সাংবাদিকতা নয়—অর্থ তৈরির রাজনীতি। প্রথম পাতা তখন দেশের আয়না থাকে না, একটি নির্দিষ্ট পাঠের পোস্টার হয়ে ওঠে।

TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment