প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে ‘স্কুলঘণ্টা’

0


প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে ‘স্কুলঘণ্টা’

গহীন পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আবারও নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। টানা ভারি বৃষ্টিতে বিদ্যালয়টির ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল দুর্গম এলাকার অর্ধশতাধিক শিশুর পাঠদান। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসার পর দ্রুত নেওয়া হয় পুনর্নির্মাণের উদ্যোগ।

প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে গত ২৩ জুলাই। ইতোমধ্যে কাজের প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পাহাড়ি স্থাপত্যের আদলে নির্মাণ করা হচ্ছে নতুন ভবন। চলতি মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের আবারও স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।

স্থানীয়দের ভাষ্য, চারটি গ্রামের শিশুদের জন্য বিদ্যালয়টি ছিল শিক্ষার একমাত্র আশ্রয়স্থল। ভবনটি ধসে পড়ায় তাদের পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে। দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগে তাই স্বস্তি ফিরেছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্রুত উদ্যোগ ও প্রশাসনের তৎপরতায় দুর্গম পাহাড়ে ফিরে আসছে শিক্ষার পরিবেশ। নতুন ভবন নির্মাণ শেষ হলে পাহাড়ের ঢালে আবারও শোনা যাবে শিশুদের কোলাহল, বেজে উঠবে কাঙ্ক্ষিত ‘স্কুলঘণ্টা’।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team