রামদেব আপনি নিজেও ধৈর্য রাখুন কিন্তু মশায় মানচিত্র আসবে না-
ভারতের যোগগুরু রামদেব রায়পুর বিমানবন্দরে ধৈর্য ধরতে বলেছেন। বলেছেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। রামদেব হয়তো জানেন যোগাসনে ফুসফুস খোলে, কিন্তু রাষ্ট্র যে ফুসফুস নয় এটা তিনি জানেন না। তবু তিনি তিন দেশকে যেন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বানিয়ে ফেলেছেন।
বাংলাদেশ কখনো ভারতের হারানো জেলা ছিল না যে তা “ফিরে” যাবে। ১৯৭১-এ এই দেশ ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। সীমানা ভারত নিজেই চুক্তিতে মেনে নিয়েছে। আর আফগানিস্তান আধুনিক ভারতের প্রদেশ ছিল না। পাকিস্তানও সার্বভৌম। জাতিসংঘের সনদটা যদি যোগগুরু একটু পড়তেন তাহলে আর ভবিষ্যদ্বাণীর অপেক্ষায় থাকা লাগতো না।
রামদেব পাকিস্তান ও বাংলাদেশকে এক ঝুড়িতে ফেলে হিন্দু নির্যাতনকে “সভ্যতার সবচেয়ে বড় নিষ্ঠুরতা” বলেছেন। সুবিধাজনক তুলনা। বাংলাদেশে সংখ্যালঘুরা সংবিধানের নাগরিক—সংখ্যালঘুরা আছে সংসদে, প্রশাসনে, পূজায়। ঘটনা যা ঘটে, তা অস্বীকার করার দরকার নেই। কিন্তু তাকে জাতিগত বিলুপ্তির মহাকাব্য বানিয়ে প্রতিবেশী দখলের নৈতিক ছাড়পত্র বানানো—এটা ধর্ম নয়, প্রচারণা।
রামদেব বলেন, ভারতে কোনো ধর্ম হুমকিতে নেই, হুমকিতে শুধু ভারতের সম্মান। সম্মানটা এত নাজুক যে গরু, ধর্মান্তর আইন, দাঙ্গা আর নাগরিকত্ব নিয়ে প্রতিবেশীর মানচিত্র পর্যন্ত সামলাতে হয়। নিজের বাড়ির আয়না এড়িয়ে অন্যের দেয়ালে নকশা আঁকা—এই হলো তার নৈতিক যোগ।
অখণ্ড ভারত তাই স্বপ্ন নয়, পুরনো পোস্টার। ধৈর্য ধরলে যা আসবে, তা দিল্লির নতুন মানচিত্র নয়। নতুন মানচিত্রে হয়তো সেভেন সিস্টার্স থাকবে না। এটা কি রামদেব জানেন? সীমানা থেকে যাবে যেখানে আছে। রামদেবের স্বপ্ন থাকবে বিমানবন্দরের মাইকে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment