তারেক রহমান—এক অনন্য সরকার প্রধান

0

তারেক রহমান—এক অনন্য সরকার প্রধান

কিছু প্রত্যাবর্তন শুধু ফিরে আসা নয়, সময়ের বুকে নতুন একটি অধ্যায়ের সূচনা। দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকার পর যে মানুষটি ফিরে এলেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে, আজ তিনিই দেশের সরকার প্রধান—তারেক রহমান।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হিসেবে তাঁর বেড়ে ওঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়কে ঘিরে। শৈশবেই তিনি দেখেছেন যুদ্ধের অভিঘাত, রাষ্ট্রক্ষমতার পালাবদল, রাজপথের আন্দোলন আর রাজনীতির নির্মম বাস্তবতা। সেই বাস্তবতার মধ্য দিয়েই একসময় তিনি প্রবেশ করেন বিএনপির রাজনীতিতে। ধীরে ধীরে তৃণমূল সংগঠন থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। তাঁর রাজনৈতিক উত্থান যেমন ছিল দ্রুত, তেমনি ছিল বিতর্কে ঘেরা। অভিযোগ, সমালোচনা আর রাজনৈতিক সংঘাত—সব মিলিয়েই তৈরি হয়েছে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথ।

২০০৭। বাংলাদেশের রাজনীতি যেন আবার হোঁচট খায়। তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার, কারাবাস, মামলা দেন তারেক রহমানের বিরুদ্ধে—এরপর চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা। কিন্তু সেই যাত্রা আর সাময়িক থাকেনি। একসময় লন্ডনই হয়ে ওঠে তাঁর দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের ঠিকানা। একটি দেশের রাজনীতি যখন বদলে যাচ্ছিল, তিনি তখন হাজার মাইল দূর থেকে সেই পরিবর্তন দেখেছেন। প্রায় সতেরো বছর দেশের বাইরে থেকেও দলের নেতৃত্ব ধরে রেখেছেন, প্রতিকূলতার মধ্যে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, আর অপেক্ষা করেছেন ফিরে আসার একটি দিনের জন্য।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পেছনে যে মানুষটি নিরলস সংগ্রাম আর পরিকল্পনায় ছিলেন তিনি দেশে ফেরার সুযোগ পান ২৫ ডিসেম্বর ২০২৫।

বলা যায় দীর্ঘ নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের জাতীয় নির্বাচন। জনগণের রায়ে বিএনপির বড় জয়। আর ১৭ ফেব্রুয়ারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একজন রাজনৈতিক পরিবারের সন্তান থেকে দলীয় নেতা, দলীয় নেতা থেকে দীর্ঘদিনের নির্বাসিত রাজনীতিক—আর সেখান থেকে সরকার প্রধান। তাঁর এই পথ বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী যাত্রা।

কিন্তু প্রত্যাবর্তনের গল্প এখানেই শেষ নয়। বরং এখান থেকেই শুরু সবচেয়ে বড় পরীক্ষা। কারণ রাজনীতিতে জয় পাওয়া আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় নয়। এখন তাঁর সামনে অর্থনীতি, দুর্নীতি, আইনের শাসন, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক সহনশীলতা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের কঠিন দায়িত্ব।‘

একজন নেতার অতীত তাঁকে ইতিহাসের পাতায় জায়গা দিতে পারে, কিন্তু তাঁর ভবিষ্যৎই ঠিক করে দেয় সেই জায়গাটি কতটা উজ্জ্বল হবে। তাই তারেক রহমানের গল্প এখন আর শুধু দীর্ঘ নির্বাসন পেরিয়ে ফিরে আসার গল্প নয়। এটি একটি দেশের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার গল্প। একটি নতুন সময়ের সামনে দাঁড়িয়ে থাকা একজন সরকার প্রধানের গল্প।

সতেরো বছরের দূরত্ব পেরিয়ে তিনি ফিরেছেন। এখন সামনে বাংলাদেশ। সামনে কোটি মানুষের প্রত্যাশা। সামনে ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন—ক্ষমতায় থেকে তিনি দেশকে কতটা বদলে দিতে পারেন।

তারেক রহমান—এক দীর্ঘ প্রতীক্ষার নাম, দীর্ঘ প্রত্যাশার নাম। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, এক নতুন ইতিহাস লেখার অপেক্ষায় থাকা একজন নেতা।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team