পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি: সরকারের নতুন উদ্যোগ
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, ভূমি ও সামাজিক নানা জটিলতা সমাধানে নতুন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠন করা হয়েছে তিনটি বিশেষ কমিটি।
একটি জাতীয় পর্যায়ের নির্বাহী কমিটি, একটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাহী কমিটি এবং অন্যটি পরামর্শক কমিটি।
১০ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। এতে স্বরাষ্ট্র, অর্থ ও পরিকল্পনা, আইন, পররাষ্ট্র, ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি রয়েছে ডিজিএফআই, এনএসআই, বিজিবি ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব।
এই কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত হয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’। এতে ভূমি, আইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
এই কমিটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন, বিধিবিধান ও শান্তি চুক্তির প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ করবে।
তৃতীয় কমিটিতে রাখা হয়েছে পাহাড়ের প্রতিনিধিদের।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত এই পরামর্শক কমিটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কমিটি পাহাড়ের উন্নয়ন, নিরাপত্তা, সুশাসন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে নির্বাহী কমিটিকে পরামর্শ দেবে।
বিশ্লেষকদের মতে, তিনটি কমিটি গঠনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নয়, বরং উন্নয়ন, ভূমি, সুশাসন, আইন এবং সামাজিক সম্প্রীতির সমন্বিত কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছে সরকার।
তবে উদ্যোগটির বাস্তব সাফল্য নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের গতি এবং পাহাড়ের স্থানীয় জনগোষ্ঠী ও রাজনৈতিক প্রতিনিধিদের কতটা কার্যকরভাবে সম্পৃক্ত করা হচ্ছে, তার ওপর।
বিশেষ করে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় জনগণের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনা—এই তিনটি বিষয়ই হবে নতুন কাঠামোর জন্য বড় পরীক্ষা।
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কমিটির কার্যক্রম অবিলম্বে কার্যকর হয়েছে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment