ডিসেম্বরে ফেরার ঘোষণা, কিন্তু কার কাছে ফিরবেন শেখ হাসিনা?

0

ডিসেম্বরে ফেরার ঘোষণা, কিন্তু কার কাছে ফিরবেন শেখ হাসিনা?



ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই পলাতক আসামি দেশে ফিরলে কার কাছে ফিরবেন, সে প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে। সরকার বলছে, দেশে পা রাখলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। 

চব্বিশের পাঁচই আগস্ট। গণঅভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে দুই বছরেরও বেশি সময়।

চলতি বছরের পাঁচই আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে ভিডিও লিংকে যুক্ত হয়ে তিনি ঘোষণা দেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

জাতিসংঘের হিসাবে, জুলাই অভ্যুত্থানে প্রাণ হারান প্রায় ১,৪০০ মানুষ। সেই হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযোগ ছিল উসকানি, হত্যার নির্দেশ এবং নৃশংসতা ঠেকাতে ব্যর্থতা।

শহীদ পরিবারগুলো বলছে, তারা অপেক্ষা করছে রায় কার্যকরের জন্য।

এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলের শীর্ষ নেতাদের অনেকে পলাতক, কেউ কেউ কারাগারে। ফলে দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানোর মতো সাংগঠনিক কাঠামোও নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে সরকারের অবস্থান স্পষ্ট। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছে সরকার। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় এ অনুরোধ করা হয়। ভারতীয় কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশের আদালত।

ফেরার ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সরকার বলছে, তাঁর ফেরাকে ঘিরে কোনো পলাতক অপরাধী বা পতিত শক্তিকে দেশে অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিসেম্বর আসতে আর বেশি দিন বাকি নেই। শেখ হাসিনা সত্যিই ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে সরকারের বার্তা পরিষ্কার: ফিরলে তাঁর গন্তব্য হবে আদালতের কাঠগড়া।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team