অপরাধ করলে কেউ ছাড় পাবে না

0

অপরাধ করলে কেউ ছাড় পাবে না—পরিচয় যাই হোক, পদ-পদবি যাই থাকুক, অভিযোগের প্রমাণ মিললে জবাবদিহি করতেই হবে। সাম্প্রতিক দুটি ঘটনা সামনে এনেছে এই বার্তাকেই।

একদিকে রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ। ঘটনায় নাম আসে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির। রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন—তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় গ্রেপ্তার হন জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। পুলিশের আবেদনের পর ৩ অক্টোবর আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন। মামলায় নিরাপত্তাকর্মীকে হেনস্তা ও সরকারি কাজে বাধার অভিযোগও রয়েছে।

দুটি ঘটনা, দুই রাজনৈতিক পরিচয়—কিন্তু প্রশ্ন একটাই। আইনের প্রয়োগ কি সবার জন্য সমান হবে?

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনসম্পদ কিংবা দায়িত্ব পালনরত কর্মীর সঙ্গে আচরণ—কোনো ক্ষেত্রেই রাজনৈতিক পরিচয় দায়মুক্তির ঢাল হতে পারে না। আবার অভিযোগ ওঠা আর অপরাধ প্রমাণ হওয়া এক বিষয় নয়। তাই প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা এবং শেষ পর্যন্ত আদালতের বিচারিক সিদ্ধান্ত।

রাড্ডার ঘটনায় পদ হারিয়েছেন একজন সংসদ সদস্য। বিমানবন্দরের ঘটনায় একজন রাজনৈতিক নেতা গেছেন রিমান্ডে। আইন শৃঙ্খলার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। েএখন দেখার বিষয়—তদন্তে কী বেরিয়ে আসে, কার বিরুদ্ধে কী প্রমাণ মেলে এবং আইনের পরবর্তী ধাপ কোথায় গিয়ে দাঁড়ায়।

তবে সরকারের এসব পদক্ষেপে স্পষ্ট দেখা যাচ্ছে—পদ নয়, দলীয় পরিচয় নয়; অপরাধের প্রমাণই হবে জবাবদিহির ভিত্তি। অভিযোগ প্রমাণিত হলে ছাড় নয়, আর প্রমাণ না হলে শুধু অভিযোগের ভিত্তিতে শাস্তিও নয়—আইনের শাসনের মূল কথা, দুটিই নিশ্চিত করা।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team