প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দুর্গত মানুষের খোঁজখবর নিতে বান্দরবানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0

 প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দুর্গত মানুষের খোঁজখবর নিতে বান্দরবানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, পাহাড়ি, বাঙালি কিংবা যেকোনো সম্প্রদায়ের মানুষ—সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। কোনো বৈষম্য করা হবে না। সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ আন্তরিকতায় কাজ করছে।

তিনি আরও বলেন, “এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ছেড়ে দেবে না।”

সোমবার বান্দরবান পৌরসভার আমতলী পাড়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গত এলাকার খোঁজখবর নিতে বান্দরবান সফর করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, বন্যার প্রথম দিন থেকেই স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা নিরলসভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের জন্য রান্না করা খাবার এবং কেন্দ্রের বাইরেরদের জন্য শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম মাঠে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যে খাদ্য সহায়তা ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। এতে ক্ষতিগ্রস্ত মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারবেন এবং তাদের আর্থিক চাপ কমবে।

বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়া পরিবারগুলোর জন্যও সরকার উদ্যোগ নিয়েছে। প্রতিটি ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে, যাতে মানুষ দ্রুত নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ায় এখন বিভিন্ন এলাকায় কাদা, আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পৌরসভা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এতে রোগব্যাধির ঝুঁকি কমবে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত বসবাসযোগ্য হয়ে উঠবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের তিন পার্বত্য জেলার সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সরকারি তথ্য অনুসারে, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টি ও ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রীর এ সফরকে দুর্গত এলাকায় সরকারের দ্রুত সাড়াদানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo