টিআইবি এখন মাতব্বর, তখন কোথায় ছিল?
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়—টিআইবি ঘোষণা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন। টিআইবি তাকে ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতার দোষে অভিযুক্ত করেছে। সংবিধানের ৫৬ ও ৬৬ অনুচ্ছেদ তুলে ধরে বলা হয়েছে—টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীকে প্রতিমন্ত্রী করা যায় না।
কথা ঠিক। সংবিধান তো আছেই।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়।
গতিত আওয়ামী লীগ সরকারের সময় অন্তত ২৪ জন মন্ত্রী-এমপির বিদেশি নাগরিকত্ব বা গ্রিন কার্ড/রেসিডেন্স ছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ড—তালিকাটা লম্বা। সংবিধানের একই ধারা তখনও ছিল। তখন টিআইবি কয়জনের নিয়োগকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা দিয়েছিল? প্রথম আলো-ডেইলি স্টার-সমকাল কয়টা সম্পাদকীয় লিখেছিল এই একই যুক্তিতে?
তখন নীরবতা ছিল সবার। এখন মাতব্বরি। কারণ সরকার আপনাদের স্বাধীনতা দিয়েছে, তাই যা ইচ্ছা লিখতেছেন।
হুমায়ুন কবির শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন, সেখানকার রাজনীতিতেও যুক্ত ছিলেন। প্রশ্ন উঠেছে—প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না। তিনি সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। বরং জিজ্ঞেস করেছেন—কোন পত্রিকা? কার এত জ্বালা?
এই জবাবটা পছন্দ হয়নি টিআইবির। তারা বলছে, এটা পুরোনো স্বৈরশাসনের মতো আচরণ।
কিন্তু পুরোনো স্বৈরশাসনের সময় যখন ডজন ডজন দ্বৈত নাগরিক মন্ত্রী-এমপি হয়ে বসেছিলেন, তখন এই সংবিধানের ধারাগুলো কি ঘুমিয়ে ছিল? তখন কি টিআইবির সংবিধান বিশেষজ্ঞরা ছুটিতে ছিলেন?
এখন ক্ষমতা বদলেছে। তাই সংবিধান হঠাৎ জেগে উঠেছে। টিআইবি হঠাৎ মাতব্বর হয়ে গেছে।
দ্বৈত নাগরিকত্বের প্রশ্নটা বৈধ। স্বচ্ছতা দাবি করাও ঠিক। কিন্তু এই দাবি যদি শুধু নতুন সরকারের ক্ষেত্রেই জোরে ওঠে, আর পুরোনো সরকারের সময় নিঃশব্দ থাকে—তাহলে সেটা নীতির লড়াই নয়, সুবিধার লড়াই।
মাতব্বর যখন একপাক্ষিক হয়, আর পত্রিকাগুলো তা তুলে ধরে তখন বলতে ইচ্ছা করে এতদিন কোথায় ছিলেন!
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment