এনসিপি-জামাতের বিপজ্জনক কৌশল: বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা

0


এনসিপি-জামাতের বিপজ্জনক কৌশল: বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা

পাঁচই আগস্টের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। আওয়ামী লীগের পতনের পর জায়গা করে নিয়েছে বিএনপি। সরকারের বয়স এখনো ছয় মাসও হয়নি। এই স্বল্প সময়ে তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক ব্যবসায়িক মন্দা, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা—সব মিলিয়ে চাপের মুখে পড়েছে সরকার। বিদ্যুৎ সমস্যা আছে, দ্রব্যমূল্যের চাপ আছে। মানুষের দুর্ভোগও আছে। কিন্তু এই বাস্তবতা নিয়ে গঠনমূলক আলোচনার বদলে এনসিপি ও জামাত যে পথে হাঁটছে, তা নিজেদের জন্যই সবচেয়ে বিপজ্জনক।

তারা চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী লীগের জায়গায় বসাতে। তারেক রহমানকে শেখ হাসিনার জায়গায় দাঁড় করাতে। এই তুলনা নিজেদের পায়ে কুড়াল মারার সমান। আওয়ামী লীগের সতেরো বছরের শাসন ছিল দুর্নীতি, খুন, গুম, প্রতিহিংসা আর নির্মম দমনের ইতিহাস। বিরোধীদের ওপর যে মাত্রার নিপীড়ন চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতুলনীয়। বিএনপির রাজনৈতিক আদর্শ ও সংস্কৃতি সেই পথে হাঁটেনি। ছয় মাসের শাসনে একটিও গুম হয়নি, একটিও রাজনৈতিক হত্যা হয়নি। তারেক রহমান একবারও প্রতিহিংসার ভাষা ব্যবহার করেননি। হাসিনার সঙ্গে তার তুলনা মানুষ গ্রহণ করবে না। কারণ মানুষ ইতিহাস দেখেছে এবং বর্তমানও দেখছে।

এনসিপি যে পদযাত্রা করছে, তাতে জুলাইয়ের চেতনা বা আওয়ামী লীগের দুঃশাসনের কথা খুব কমই শোনা যায়। বরং প্রধানমন্ত্রী ও বিএনপির বিরুদ্ধে কটূক্তি, গালিগালাজ আর উসকানিমূলক ভাষাই বেশি শোনা যায়। শুধুমাত্র বিরোধিতার নামে বিরোধিতা। গঠনমূলক সমালোচনার বদলে মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা। এই পথে হাঁটলে জনসমর্থন বাড়ে না, কমে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হিসেবে যে জনপ্রিয়তা তারা অর্জন করেছিল, সেটাই এখন হারাতে বসেছে।

পাঁচই আগস্টের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল এনসিপি ও জামাত। সেই পরিবর্তন না হলে জামাতের সংসদে আসার সুযোগ হতো না, এনসিপির জন্মও হতো না। বিএনপি সুষ্ঠু নির্বাচন পেলে ক্ষমতায় আসতই। কিন্তু এখন তারা দ্রুত ক্ষমতার স্বপ্ন দেখছে। সোজা পথে জনসমর্থন অর্জনের বদলে বাঁকা পথে হাঁটতে চাইছে। এই কৌশল যদি আওয়ামী লীগকে নতুন করে প্রাসঙ্গিক করে তোলে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে এনসিপি ও জামাতেরই। বিএনপি আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দল হিসেবে টিকেছে। তারা আবারও টিকবে। কিন্তু এনসিপি ও জামাতের জন্য সেই সুযোগ আর সহজে আসবে না।

আওয়ামী লীগ এখনো জনগণের ওপর ভরসা করে না। তাদের ভরসা আমেরিকা, ভারত আর তথাকথিত ডিপ স্টেটের ওপর। জনগণের বিপক্ষে গিয়ে যারা ক্ষমতা ধরে রেখেছিল, তারা আবারও সেই পথেই হাঁটতে চায়। কিন্তু কোনো রাষ্ট্রই দীর্ঘদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এনসিপি ও জামাত যদি এই সত্য ভুলে গিয়ে শুধুমাত্র সরকারবিরোধী উসকানিমূলক রাজনীতি করে, তাহলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ তৈরি করবে।

তাদের উচিত ছিল আদর্শ বিরোধী দল হিসেবে থেকে সরকারকে সময় দেওয়া। গঠনমূলক সমালোচনা করা। তারপর নির্বাচনে জনগণের রায় নেওয়া। কিন্তু তারা সেই পথ ছাড়ছে। বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা এবং তারেক রহমানকে হাসিনার ছাঁচে ফেলার চেষ্টা—এই দুটোই আত্মঘাতী। এই ভুল কৌশল শুধু তাদের নয়, পুরো দেশের রাজনৈতিক পরিবেশকেও বিষিয়ে তুলতে পারে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo