মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, স্বস্তির আভাস

0


মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, স্বস্তির আভাস 

কক্সবাজারের মহেশখালী উপজেলার ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে। সামিট এলএনজি টার্মিনাল থেকে আজ ভোর থেকে সরবরাহ পুনরায় শুরু হয়েছে। অন্যদিকে এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালের মেরামত কাজ শেষ হলে আগামী ১৯ আগস্ট পুরোপুরি স্বাভাবিক সরবরাহ ফিরে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে গত ১০ আগস্ট সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এর ফলে টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।

পরবর্তীতে ১৪ আগস্ট নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছায়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আজ শনিবার ভোর ৪টা থেকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়েছে। বর্তমানে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে স্বাভাবিক মাত্রা ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানা গেছে।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালের ত্রুটি আংশিক মেরামত শেষে বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হলে এই টার্মিনাল থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।

স্বাভাবিক পরিস্থিতিতে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট টার্মিনাল থেকে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটসহ উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক গড়ে প্রায় ১,১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বর্তমানে উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট (সামিট ৪৬০ এবং এক্সিলারেট ৩০০) গ্যাস সরবরাহ হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্ট উভয় টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক মাত্রায় (১,১০০ মিলিয়ন ঘনফুট) ফিরে আসবে।

No comments

Post a Comment

© all rights reserved
made with by templateszoo